জুলাই সনদ বাস্তবায়নে কাজ চলছে: মির্জা ফখরুল
জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগের মর্যাদা রক্ষা করতে জনগণের অধিকার প্রতিষ্ঠা এবং একটি কার্যকর গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, জুলাই সনদ বাস্তবায়নে সরকার প্রতিশ্রুতিবদ্ধ এবং এ লক্ষ্যে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে।
সোমবার (৩ আগস্ট) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) ও ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উদ্যোগে জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আন্দোলনে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।
মির্জা ফখরুল বলেন, জুলাই শুধু একটি আন্দোলনের নাম নয়, এটি জাতির হৃদয়ের একটি অংশ। এই আন্দোলনে যারা জীবন দিয়েছেন এবং আহত হয়েছেন, তাদের আত্মত্যাগ দেশের সামনে পরিবর্তনের নতুন সুযোগ সৃষ্টি করেছে। সেই সুযোগ কাজে লাগিয়ে জনগণের অধিকারভিত্তিক একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে।
তিনি বলেন, দীর্ঘদিনের গণতান্ত্রিক আন্দোলনের ধারাবাহিকতায় জুলাই গণঅভ্যুত্থান নতুন শক্তি ও প্রেরণা যুগিয়েছে। বিভাজন ও সংঘাত নয়, বরং আলোচনার মাধ্যমে প্রয়োজনীয় সংস্কার বাস্তবায়ন করে দেশকে এগিয়ে নিতে হবে।
তিনি আরও জানান, জুলাই সনদ বাস্তবায়নে ইতোমধ্যে কাজ শুরু হয়েছে এবং এ বিষয়ে সংসদে সংশ্লিষ্ট কমিটি গঠন করা হয়েছে। প্রয়োজনীয় সংস্কারগুলো সবার অংশগ্রহণে আলোচনার ভিত্তিতে এগিয়ে নেওয়া হবে।
গণমাধ্যমের ভূমিকার কথা উল্লেখ করে তিনি বলেন, সাংবাদিকদের কর্মসংস্থান, নিরাপত্তা ও পেশাগত সমস্যা গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে। পাশাপাশি জুলাই আন্দোলনে শহীদ ও আহত সাংবাদিকদের পরিবারগুলোর প্রতিও রাষ্ট্রের দায়িত্ব রয়েছে।
আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেন, জুলাই শহীদসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনের শহীদদের অবদান জাতি চিরকাল স্মরণ করবে। তাদের আত্মত্যাগের যথাযথ মূল্যায়ন তখনই হবে, যখন একটি কার্যকর সংসদের মাধ্যমে জনগণের অধিকার নিশ্চিত করা সম্ভব হবে।
অনুষ্ঠানে সাংবাদিক নেতৃবৃন্দসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

