রাষ্ট্রপতি মনোনয়ন দেবেন বিএনপি চেয়ারম্যান: স্থায়ী কমিটির সিদ্ধান্ত

রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় প্রার্থী মনোনয়নের দায়িত্ব বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ন্যস্ত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১ আগস্ট) রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের জানান, রাষ্ট্রপতি পদে দলীয় প্রার্থী নির্ধারণের দায়িত্ব স্থায়ী কমিটি দলীয় প্রধান তারেক রহমানের ওপর ন্যস্ত করেছে। তিনি বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সরকারের কার্যক্রম, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, স্থানীয় সরকার নির্বাচন এবং দলের আগামী দিনের কর্মপন্থা নিয়েও বৈঠকে বিস্তারিত আলোচনা হয়েছে।

দেড় ঘণ্টারও বেশি সময় ধরে চলা বৈঠকে সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমান। এতে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, সালাহউদ্দিন আহমদ, আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায়, ইকবাল হাসান মাহমুদ টুকু, সেলিমা রহমান এবং ডা. এ জেড এম জাহিদ হোসেন।

বৈঠক শেষে স্থায়ী কমিটির সদস্য ও স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, চলতি বছরের শেষ নাগাদ স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের বিষয়ে আলোচনা হয়েছে। পাশাপাশি দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি এবং রাষ্ট্রপতি নির্বাচন ঘিরে দলীয় প্রস্তুতির বিষয়েও মতবিনিময় হয়েছে।

রাষ্ট্রপতি নির্বাচন উপলক্ষে বিশেষ সংসদ অধিবেশন প্রয়োজন হবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে সালাহউদ্দিন আহমদ বলেন, নির্বাচন কমিশন তফসিল ঘোষণার পর প্রয়োজন হলে স্পিকারের সঙ্গে আলোচনা করে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।

এদিকে, দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হচ্ছেন—এ নিয়ে রাজনৈতিক অঙ্গনে নানা জল্পনা-কল্পনার মধ্যেই বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরামের এই সিদ্ধান্ত বিশেষ গুরুত্ব পেয়েছে। দলীয় সূত্রগুলো বলছে, রাষ্ট্রপতি পদে প্রার্থী চূড়ান্ত করার ক্ষেত্রে সাংবিধানিক দায়িত্ব, রাজনৈতিক বাস্তবতা এবং জাতীয় স্বার্থকে গুরুত্ব দেওয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *