নিজেই গাড়ি চালিয়ে নগর ব্যবস্থাপনা দেখলেন প্রধানমন্ত্রী

নিজে গাড়ি চালিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) বিভিন্ন এলাকার পরিচ্ছন্নতা ও নগর ব্যবস্থাপনা কার্যক্রম পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরিদর্শনকালে তিনি পরিচ্ছন্নতা, বর্জ্য ব্যবস্থাপনা, বৃক্ষরোপণ, সবুজায়ন, পানি নিষ্কাশন ব্যবস্থা এবং সার্বিক নগর ব্যবস্থাপনার বিভিন্ন দিক পর্যবেক্ষণ করেন। এ সময় কয়েকটি বিষয়ে অসন্তোষ প্রকাশ করে দ্রুত ও কার্যকর পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেন।

শুক্রবার (৩১ জুলাই) বিকেল ৪টার দিকে রাজধানীর গুলশানে অবস্থিত বাসভবন থেকে নিজেই গাড়ি চালিয়ে পরিদর্শনে বের হন প্রধানমন্ত্রী। বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব জাহিদুল ইসলাম রনি।

স্থানীয় সরকার মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সাপ্তাহিক ছুটির দিন বিকেলে প্রধানমন্ত্রী তাঁর বাসভবনে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলামকে ডেকে নেন। পরে তাঁদের সঙ্গে নিয়ে ডিএনসিসির আওতাধীন বিভিন্ন এলাকার নগর ব্যবস্থাপনা কার্যক্রম সরেজমিনে পরিদর্শন করেন।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর গাড়ি ইসিবি চত্বর, মিরপুর ডিওএইচএস, দিয়াবাড়ি, উত্তরার ৩, ৪, ৫ ও ৬ নম্বর সেক্টর, এয়ারপোর্ট সড়ক, কাকলী মোড়, মহাখালী, ফার্মগেট, মানিক মিয়া অ্যাভিনিউ, আসাদগেট এবং মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, ইকবাল রোড, তাজমহল রোড ও জাপান গার্ডেন সিটি এলাকা প্রদক্ষিণ করে।

এরপর তিনি শ্যামলী মোড়, গণভবন মোড়, জিয়া উদ্যান, শেওড়াপাড়া, কাজীপাড়া, মিরপুর-১০, কচুক্ষেত, ক্যান্টনমেন্ট, সৈনিক ক্লাব, কাকলী ও বনানী এলাকা পরিদর্শন করে সন্ধ্যায় গুলশান অ্যাভিনিউয়ের বাসভবনে ফিরে যান।

পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক মুহাম্মদ বেলায়েত হোসেন মৃধা, প্রধানমন্ত্রীর একান্ত সচিব-২ মেহেদুল ইসলাম এবং সহকারী একান্ত সচিব-২ আব্দুর রহমান সানী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *