‘মক্কা চুক্তি’ ঘিরে উত্তেজনার মধ্যে সৌদি যুবরাজকে চিঠি দিলেন প্রধানমন্ত্রী

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা ও সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের প্রতিরক্ষা চুক্তি ‘মক্কা চুক্তি’ ঘিরে গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল আলোচনা ও উত্তেজনার মধ্যেই সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে চিঠি দিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) জেদ্দায় সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সৌদের সঙ্গে বৈঠককালে প্রধানমন্ত্রীর চিঠিটি হস্তান্তর করেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির।

বৈঠকে বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক অগ্রগতিতে উভয় পক্ষ সন্তোষ প্রকাশ করে। একই সঙ্গে দুই দেশের অংশীদারত্বকে আরও উচ্চতায় নিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করা হয়।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দায়িত্ব নেওয়ার পর বাংলাদেশ ও সৌদি আরবের মধ্যে বেশ কয়েকটি উচ্চপর্যায়ের সফর হয়েছে। এসব সফরের মাধ্যমে বিভিন্ন খাতে সহযোগিতা সম্প্রসারণের নতুন সুযোগ তৈরি হয়েছে। অদূর ভবিষ্যতে দুই দেশের মধ্যে আরও উচ্চপর্যায়ের সফরের সম্ভাবনার কথাও তিনি উল্লেখ করেন।

সৌদি পররাষ্ট্রমন্ত্রী জানান, বাংলাদেশ সৌদি আরবের অগ্রাধিকারপ্রাপ্ত দেশগুলোর একটি। দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করে তিনি বাংলাদেশে সৌদি কোম্পানিগুলোর ক্রমবর্ধমান আগ্রহের কথা তুলে ধরেন। বিনিয়োগ ও ব্যবসায়িক সম্পৃক্ততা আরও বাড়ানোর আগ্রহও প্রকাশ করেন তিনি।

এ সময় সৌদি আরবের উন্নয়নে প্রবাসী বাংলাদেশিদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন সৌদি পররাষ্ট্রমন্ত্রী। জবাবে পররাষ্ট্র প্রতিমন্ত্রী তাকে সুবিধাজনক সময়ে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান।

বৈঠকে সৌদি আরবের পররাষ্ট্রবিষয়ক উপমন্ত্রী ইঞ্জিনিয়ার ওয়ালিদ আবদুল করিম আল-খারেজি, ওআইসিতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এবং উভয় দেশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এদিকে জেদ্দায় ২৩তম ওআইসি পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ পরিষদের বৈঠকের মধ্যেই ‘মক্কা চুক্তি’ নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে। সৌদি আরব, পাকিস্তান ও তুরস্কের মধ্যে স্বাক্ষরিত এ প্রতিরক্ষা চুক্তি গত ৭ আগস্ট কার্যকর হয়েছে। চুক্তি অনুযায়ী, তিন দেশের যেকোনো একটির ওপর সশস্ত্র হামলা হলে সেটিকে তিন দেশের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

বৃহস্পতিবার জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বাংলাদেশকে এই চুক্তিতে যোগ দেওয়ার কোনো প্রস্তাব এখনো দেওয়া হয়নি। তবে চুক্তির সদস্য দেশগুলো বাংলাদেশকে যুক্ত করার অভিপ্রায় প্রকাশ করলে বিষয়টি ইতিবাচকভাবে বিবেচনা করবে সরকার।

তিনি বলেন, চুক্তিটি বিস্তৃত হলে তা মুসলিম বিশ্বের আত্মরক্ষার একটি ব্যবস্থা হিসেবে বিবেচিত হতে পারে। তবে বর্তমানে এতে বাংলাদেশের যোগদানের বিষয়টি আলোচনায় আসেনি।

তাই ধারণা করা হচ্ছে- সৌদি যুবরাজের কাছে প্রধানমন্ত্রীর চিঠি দেওয়ার বিষয়টি মূলত দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের বার্তা বহন করছে। একই সঙ্গে মক্কা চুক্তি নিয়ে বাংলাদেশের অবস্থান আপাতত পর্যবেক্ষণ ও সম্ভাব্য ভবিষ্যৎ পরিস্থিতি বিবেচনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *