অসহায় পরিবারকে প্রধানমন্ত্রীর বাড়ি উপহার
কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়া এক অসহায় পরিবারের জন্য নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতার পরিবারকে নতুন বাড়ি নির্মাণ করে দিচ্ছেন বিএনপির চেয়ারম্যান।
রোববার (১৩ সেপ্টেম্বর) আনুষ্ঠানিকভাবে ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে নতুন বাড়ির চাবি তুলে দেওয়া হবে।
শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন ‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমেন মিথুন।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক প্রধানমন্ত্রী তারেক রহমানের নিজস্ব উদ্যোগ ও নির্দেশনায় অসহায় পরিবার দুটির জন্য নতুন বাড়ি নির্মাণ করা হয়েছে। এর মধ্যে একটি বাড়ি দেওয়া হচ্ছে পুলিশের গুলিতে নিহত ফেনীর যুবদল নেতা শহীদ হারুনের পরিবারকে। অন্যটি দেওয়া হচ্ছে কুমিল্লার চৌদ্দগ্রামে দুর্বৃত্তদের আগুনে বসতবাড়ি পুড়ে যাওয়া অসহায় একটি পরিবারকে।
চাবি হস্তান্তর অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি ভুক্তভোগী পরিবারের সদস্যদের হাতে আনুষ্ঠানিকভাবে নবনির্মিত বাড়ির চাবি তুলে দেবেন।

