গ্যাস সংকটে মালয়েশিয়ার সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী

দেশে চলমান গ্যাস সংকট মোকাবিলায় মালয়েশিয়ার সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বিষয়ে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের কাছে একটি চিঠি পাঠানো হয়েছে। পাশাপাশি দুই প্রধানমন্ত্রীর মধ্যে টেলিফোনে আলোচনা হয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

মঙ্গলবার সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে প্রতিমন্ত্রী জানান, একটি ভাসমান এলএনজি (তরলীকৃত প্রাকৃতিক গ্যাস) টার্মিনাল বন্ধ থাকায় দেশে গ্যাস সরবরাহে সংকট তৈরি হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় মালয়েশিয়ার কাছে এলএনজি সরবরাহসহ সম্ভাব্য সব ধরনের সহযোগিতা চাওয়া হয়েছে।

তিনি জানান, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বাংলাদেশের সংকট নিরসনে সহযোগিতার আশ্বাস দিয়েছেন। দেশটির সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে দ্রুত এ বিষয়ে বাংলাদেশকে জানানো হবে বলেও তিনি জানিয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, সরকার বিকল্প উৎস থেকে গ্যাস সরবরাহ বাড়ানোর চেষ্টা করছে। তবে একটি টার্মিনাল বন্ধ হয়ে যাওয়ায় সরবরাহে বড় ধরনের ঘাটতি তৈরি হয়েছে। দীর্ঘমেয়াদে স্থলভিত্তিক এলএনজি টার্মিনাল নির্মাণই এ সমস্যার স্থায়ী সমাধান।

তিনি আরও জানান, এক্সিলারেট এনার্জির সঙ্গে যৌথভাবে টার্মিনাল দ্রুত চালুর কাজ চলছে। টার্মিনালটি চালু হলে প্রতিদিন অতিরিক্ত ৫০ থেকে ৫৫ কোটি ঘনফুট গ্যাস জাতীয় গ্রিডে যুক্ত হবে। আগামী সপ্তাহে ২৮ থেকে ৩০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ শুরু হতে পারে এবং পরবর্তী সপ্তাহে পূর্ণ সক্ষমতায় সরবরাহ স্বাভাবিক হওয়ার আশা করছে সরকার।

গ্যাস সংকটের কারণে আবাসিক, শিল্প, বিদ্যুৎ উৎপাদন ও পরিবহন খাতে ভোগান্তির জন্য দুঃখ প্রকাশ করে প্রতিমন্ত্রী বলেন, সংকট দ্রুত কাটিয়ে উঠতে সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *