আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন: মির্জা ফখরুল
আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার (২৭ জুলাই) রংপুর নগরীর টার্মিনাল এলাকায় বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) বিভাগীয় কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, নির্বাচনে শিক্ষাগত যোগ্যতার বিষয়টি নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। তবে চলতি বছরের শেষে না হলেও আগামী বছরের শুরুতে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হতে পারে।
সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি দাবি করেন, রাষ্ট্রপতির পদ শূন্য থাকায় সংবিধান অনুযায়ী সংসদের স্পিকার ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন। যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে এবং দলীয় সিদ্ধান্ত অনুযায়ী রাষ্ট্রপতি পদে প্রার্থী মনোনয়ন দেওয়া হবে বলেও তিনি জানান।
বিএনপিকে নিয়ে সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, বিএনপি একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল। দীর্ঘ রাজনৈতিক সংগ্রামের মধ্য দিয়ে জনগণের সমর্থন নিয়ে দলটি সরকার গঠন করেছে এবং অতীতেও একাধিকবার রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পালন করেছে। বিএনপিকে ফ্যাসিবাদী বলা বাস্তবতার সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় বলেও মন্তব্য করেন তিনি।
কৃষি খাতের প্রসঙ্গ টেনে তিনি বলেন, সরকার কৃষির উন্নয়নে ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণের সুদ মওকুফ করেছে। পাশাপাশি প্রধানমন্ত্রী রংপুর অঞ্চলের কৃষি উন্নয়নে সর্বোচ্চ বরাদ্দ দেওয়ার ঘোষণা দিয়েছেন। কৃষিকে আরও লাভজনক করতে প্রয়োজনীয় সব ধরনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।
এর আগে মির্জা ফখরুল ইসলাম বিআরডিবির বিভাগীয় কার্যালয়ের ফলক উন্মোচন করে কার্যক্রমের উদ্বোধন করেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে আয়োজিত পল্লী মেলার উদ্বোধন করেন এবং বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
এ সময় রংপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান শামসুজ্জামান সামু, বিভাগীয় কমিশনার শহিদুল ইসলাম, রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম, জেলা প্রশাসক রুহুল আমিন, জেলা পরিষদের প্রশাসক সাইফুল ইসলামসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

