আ.লীগের তৎপরতা মোকাবিলায় রাজপথে থাকবে ছাত্রদল: বাসিত
নিষিদ্ধ আওয়ামী লীগ ও দলটির অঙ্গসংগঠনগুলোর যেকোনো ধরনের ‘অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র’ মোকাবিলায় দিন-রাত ২৪ ঘণ্টা রাজপথে থাকার ঘোষণা দিয়েছেন জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি কাজী জিয়া উদ্দিন বাসিত।
তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ ও স্বেচ্ছাসেবক লীগসহ দলটির যেকোনো সংগঠনের তৎপরতা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে ছাত্রদল প্রস্তুত ও জাগ্রত রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর শাহবাগ, মগবাজার, তেজগাঁও ও গুলশান এলাকায় আওয়ামী লীগের ‘অস্থিতিশীলতা ও ষড়যন্ত্র’ মোকাবিলায় কাজী জিয়া উদ্দিন বাসিতের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিল শেষে দেওয়া বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বাসিত বলেন, “দিন-রাত ২৪ ঘণ্টা আমরা পাহারায় আছি। স্বৈরাচার শেখ হাসিনার কোনো অঙ্গসংগঠন—ছাত্রলীগ, যুবলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, স্বেচ্ছাসেবক লীগ থেকে শুরু করে আওয়ামী লীগ—যেকোনো সংগঠনের তৎপরতা দেখা গেলে জনগণকে সঙ্গে নিয়ে তা প্রতিহত করতে আমরা সদা প্রস্তুত ও জাগ্রত রয়েছি।”
আওয়ামী লীগের অঙ্গসংগঠনগুলোর উদ্দেশে তিনি বলেন, “তোমরা সাবধান হয়ে যাও। এ দেশের জনগণ তোমাদের বারবার লাল কার্ড দেখিয়েছে। আবারও যদি দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করো, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নেতৃত্বে জনগণকে সঙ্গে নিয়ে তোমাদের প্রতিহত করা হবে।”
বর্তমান রাজনৈতিক পরিস্থিতি প্রসঙ্গে ছাত্রদলের এই নেতা বলেন, “বর্তমান বিরোধী দল করছে লং মার্চ আর ওরা দিচ্ছে লকডাউন। সুতরাং আমরা যে বলি—‘স্বৈরাচার আর রাজাকার, মিলেমিশে একাকার’—যদি এরকম বাংলাদেশ করতে চায়, তাহলে শেখ হাসিনাকে যেভাবে বিতাড়িত করে দিল্লি পাঠানো হয়েছে, ঠিক তেমনি রাজাকারদেরও যদি আবার বাংলাদেশের রাজনীতিতে আনার চেষ্টা করা হয়, তাহলে তাদেরও বিতাড়িত করে ওই পিন্ডিতে পাঠানো হবে, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, “আমরা বিশ্বাস করি—‘দিল্লি নয়, পিন্ডি নয়, সবার আগে বাংলাদেশ।’ এই বক্তব্য ও আহ্বানকে সামনে রেখে বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান যেভাবে দেশকে একটি ধ্বংসস্তূপ থেকে টেনে নিয়ে যাচ্ছেন, সেই স্বপ্নের সারথি হয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কাজ করছে।”
সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণে বাধা সৃষ্টিকারীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তোলার ঘোষণা দিয়ে বাসিত বলেন, “এই সম্ভাবনাকে এবং সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের পথে যারা বাধা হয়ে দাঁড়াবে, তাদের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সব পর্যায়ের নেতৃবৃন্দকে নিয়ে আমরা ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলব। যারা ষড়যন্ত্রকারী, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে প্রতিরোধ গড়ে তোলা হবে।”

