৩১ দফার আলোকে জনকল্যাণে কাজ করছে স্বেচ্ছাসেবক দল: রিজভী
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ঘোষিত ৩১ দফার আলোকে সামাজিক সুরক্ষা, কৃষক ও নারীদের সহায়তা এবং জনকল্যাণমূলক নীতি বাস্তবায়নে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল অগ্রণী ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, প্রবীণ ও নবীনদের একসঙ্গে নিয়ে আদর্শিক সংগ্রামে উদ্দীপ্ত হতেই নেতাকর্মীরা আজ এখানে সমবেত হয়েছেন। বিএনপির মূল প্রত্যয় হলো রাষ্ট্র ও সমাজে গণতান্ত্রিক চর্চা ও অনুশীলনকে শক্তিশালী করা এবং জনগণের কল্যাণে কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা।
বুধবার (১৯ আগস্ট) জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন রিজভী।
রিজভী বলেন, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দুস্থ, দরিদ্র ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই বিএনপি ও এর পতাকাতলে স্বেচ্ছাসেবক দল গঠন করেছিলেন। বন্যা, জলোচ্ছ্বাস কিংবা ভূমিকম্পের মতো যেকোনো জাতীয় দুর্যোগে স্বেচ্ছাসেবক দল মানুষের সেবায় এগিয়ে যাওয়ার দৃষ্টান্ত স্থাপন করেছে।
তিনি বলেন, বর্তমান সভাপতি এস এম জিলানী ও সাধারণ সম্পাদক রাজীব আহসানের নেতৃত্বেও স্বেচ্ছাসেবক দলের সেই ধারাবাহিকতা বজায় রয়েছে। অতীতে সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল ও মীর সরফত আলী সপুদের নেতৃত্বেও সংগঠনটি বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করেছে।
অবাধ ও সুষ্ঠু নির্বাচনের গুরুত্ব তুলে ধরে রিজভী বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারই জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারে। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের কর্মসংস্থান ও উন্নয়নের বিভিন্ন প্রতিশ্রুতিকে মিথ্যা আশ্বাস হিসেবে উল্লেখ করে বিএনপির প্রতিশ্রুতি রক্ষার সংস্কৃতির কথা তুলে ধরেন।
এ সময় তিনি হামের প্রাদুর্ভাব ও টিকাদান কর্মসূচিসহ বিভিন্ন স্বাস্থ্যগত বিষয়ে সরকারের গৃহীত পদক্ষেপের কথাও তুলে ধরেন।
শ্রদ্ধা নিবেদন কর্মসূচিতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস এম জিলানী, সাধারণ সম্পাদক রাজীব আহসান, সংগঠনটির সাবেক সভাপতি হাবিব-উন-নবী খান সোহেল, বিএনপির কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রফিক, সহ তথ্য ও গবেষণা সম্পাদক মিজানুর রহমান নাহিদ ও কার্যনিবাহী সদস্য আব্দুল আলীম মিঠুসহ স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

