রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের পদত্যাগ, অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্বে স্পিকার
অবশেষে সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বাংলাদেশের রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করেছে বলে জানিয়েছে বঙ্গভবন ও সংসদ সচিবালয়ের একাধিক সূত্র।
শুক্রবার (২৪ জুলাই) বিকেলে তিনি জাতীয় সংসদের স্পিকারের কাছে পদত্যাগপত্র জমা দেন।
জানা গেছে, বিকেল ৪টার দিকে বঙ্গভবনের কয়েকজন কর্মকর্তা রাষ্ট্রপতির পদত্যাগপত্র নিয়ে জাতীয় সংসদে যান এবং স্পিকার হাফিজ উদ্দিন আহমদের কাছে তা পেশ করেন।
সংবিধান অনুযায়ী, রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার পর নতুন রাষ্ট্রপতি নির্বাচিত না হওয়া পর্যন্ত স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন। একই সঙ্গে রাষ্ট্রপতির পদ শূন্য হওয়ার ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদকে নতুন রাষ্ট্রপতি নির্বাচন করতে হবে।
বিষয়টি নিশ্চিত করে বিকেলে জাতীয় সংসদে আয়োজিত জরুরি সংবাদ সম্মেলনে স্পিকার হাফিজ উদ্দিন বলেন, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের স্বাক্ষর করা পদত্যাগপত্র আজ বিকেল ৫টা ১ মিনিটে আমার কাছে জমা দেওয়া হয়েছে। আমি সেটি গ্রহণ করেছি। সংবিধানের ৫৪ অনুচ্ছেদ অনুযায়ী আমি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছি।
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করেন। সংবিধান অনুযায়ী তাঁর পাঁচ বছরের মেয়াদ ২০২৮ সালের এপ্রিল পর্যন্ত থাকার কথা ছিল। সে হিসেবে তাঁর মেয়াদের এখনও প্রায় এক বছর নয় মাস বাকি থাকলেও তিনি মেয়াদ শেষ হওয়ার আগেই পদত্যাগ করলেন।

