গুঞ্জনের মধ্যে মুখ খুললেন মির্জা ফখরুল, দেশে ফিরলেন স্পিকার
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে ছড়িয়ে পড়া গুঞ্জনের মধ্যে এ বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানিয়ে বলেন, যাচাই ছাড়া এ ধরনের বিষয়ে মন্তব্য করা ঠিক নয়।
শুক্রবার ঢাকার ইন্টারকন্টিনেন্টাল হোটেলে আয়োজিত দুই দিনব্যাপী বেঙ্গল ডেল্টা কনফারেন্স ২০২৬-এর উদ্বোধনী অধিবেশন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রাষ্ট্রপতির পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, গুজবে বিশ্বাস করি না। পত্রপত্রিকা পড়ে তো আর রাজনীতির কথা বিশ্বাস করা যাবে না। আর এটা তো রাষ্ট্রপতির কথা। গুজব দিয়ে কিছু বলা যাবে না।
তিনি আরও বলেন, বর্তমান বিশ্বে গণতন্ত্র নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হলেও বাংলাদেশ সবসময় গণতান্ত্রিক প্রক্রিয়ায় বিশ্বাস করে এসেছে।
বিএনপি মহাসচিব আরও বলেন, বর্তমান সরকার জনগণের কাছে জবাবদিহিতামূলক এবং গণতান্ত্রিক মূল্যবোধ ও জনজবাবদিহিতা সমুন্নত রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।
এদিকে, রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগ নিয়ে চলমান গুঞ্জনের মধ্যেই চিকিৎসার জন্য থাইল্যান্ড সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে স্পিকারের এই সফর সংক্ষিপ্ত করে দেশে ফেরার বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো ব্যাখ্যা দেওয়া হয়নি।

