আইন-আদালতজেলার খবরসাবলিড

হাতকড়া খুলে আদালত প্রাঙ্গণ থেকে পালাল আসামি

গাজীপুর জেলা আদালত প্রাঙ্গণ থেকে বিচারিক কার্যক্রমের জন্য এজলাসে নেওয়ার পথে ডাকাতি মামলার এক আসামি হাতকড়া খুলে পালিয়ে গেছে। তার বিরুদ্ধে গাজীপুরসহ বিভিন্ন থানায় একাধিক ডাকাতির মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। পরে বিষয়টি জানাজানি হলে আদালতসংলগ্ন এলাকা ও আশপাশের বিভিন্ন স্থানে তল্লাশি জোরদার করা হয়।

পলাতক আসামির নাম সম্রাট হোসেন (২৭)। তিনি জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তাত্তাপাড়া গ্রামের দুলাল মণ্ডলের ছেলে। তবে তিনি গাজীপুর মহানগরের গাছা থানার তারগাছ বড়বাড়ী এলাকায় বসবাস করতেন।

পুলিশ জানায়, গাজীপুর মহানগরের মেট্রো থানার একটি ডাকাতি মামলায় গ্রেপ্তার সম্রাটসহ ৬ আসামিকে সোমবার দুপুরে আদালতের গারদখানায় নেয়ার পর হাতকড়া পড়ানো অবস্থায় রুমে রেখে পুলিশ সদস্যরা বাহিরে আসে। তবে ডাকাতের হাত অনেক চিকন ছিল, মাত্র ৪০ সেকেন্ডের মধ্যে হাতকড়া খুলে পালিয়ে যায়। গারদখানার একটি সিসি ফুটেজ চেক করে দেখা যায় তিনি দৌড়ে পালিয়ে যাচ্ছে। ঘটনা বুঝতে পেরে দায়িত্বরত পুলিশ সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে ধাওয়া করলেও আটক করতে পারেননি। তবে সম্ভাব্য অবস্থানগুলোতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর সদর মেট্রো থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুল ইসলাম জানান, সেখানে আমাদের পুলিশ ও কোর্ট পুলিশ ছিল। সম্রাটকে দ্রুত গ্রেপ্তারের লক্ষ্যে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে বলেও জানান তিনি।

বিষয়টি নিশ্চিত করে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার ইসরাইল হাওলাদার বলেন, ‘ডাকাতি মামলার এক আসামি কৌশলে হাতকড়া খুলে পালিয়ে যাওয়ার বিষয়টি জানতে পেরেছি। ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *