রিমান্ডে শীর্ষ সন্ত্রাসী বাপ্পি
রাজধানীর মতিঝিলে ব্যবসায়ীর কাছে চাঁদা দাবির মামলায় গ্রেপ্তার শীর্ষ সন্ত্রাসী তানিম রেজা বাপ্পি ও তার সহযোগী রাকিবুল ইসলাম ভূঁইয়াকে সাত দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।
শনিবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জামসেদ আলম এ আদেশ দেন। তদন্তের স্বার্থে পলাতক আসামিদের শনাক্ত, অস্ত্র উদ্ধার এবং ঘটনার বিস্তারিত জানতে তাদের রিমান্ডে নেওয়ার আবেদন করে পুলিশ।
এর আগে, শুক্রবার (১৭ জুলাই) সকালে হোটেল পূর্বাণী সংলগ্ন এলাকা থেকে বাপ্পি এবং দুপুরে উত্তর কমলাপুর থেকে রাকিবুলকে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারের পর বাপ্পির দেওয়া তথ্যের ভিত্তিতে দক্ষিণ কমলাপুরে অভিযান চালিয়ে বিদেশি রিভলভার, দুটি পিস্তল, গুলি, ম্যাগাজিন, একটি শক গান ও একটি চাইনিজ কুড়াল উদ্ধার করা হয়েছে।
মামলার অভিযোগে বলা হয়েছে, কোরবানির পশুর হাটকে কেন্দ্র করে এক ব্যবসায়ীর কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি এবং প্রাণনাশের হুমকি দেওয়া হয়। পরে ভুক্তভোগীর অফিসে গুলি করা হলে মতিঝিল থানায় চাঁদাবাজির মামলা দায়ের করা হয়।

