ছাত্রদলের শীর্ষ পদে সবচেয়ে এগিয়ে কাজী জিয়া উদ্দিন বাসিত
বিএনপির প্রধানতম সহযোগী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটি গঠনকে ঘিরে জোরালো হয়েছে আলোচনা। বর্তমান ‘রাকিব-নাছির’ কমিটির মেয়াদ শেষ হওয়ায় যেকোনো সময় নতুন কমিটি ঘোষণা হতে পারে। ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ পদে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন কাজী জিয়া উদ্দিন বাসিত। বর্তমানে তিনি ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সহসভাপতির দায়িত্বে রয়েছেন। এর আগে কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিনের রাজপথের আন্দোলন, সাংগঠনিক অভিজ্ঞতা এবং প্রতিকূল পরিস্থিতিতে সক্রিয় থাকার কারণে কেন্দ্রীয় সভাপতি পদের সম্ভাব্য প্রার্থীদের মধ্যে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের শিক্ষার্থী বাসিতের অবস্থান শক্তিশালী। কাজী জিয়া উদ্দিন বাসিত ছাত্রদলের টিম-৬ (বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ, চট্টগ্রাম বিভাগ) এর টিমলিডার হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে বিচক্ষণতার প্রমাণ দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (চাকসু) নির্বাচনে ছাত্রদল প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিককে সহসাধারণ সম্পাদক (এজিএস) পদে জয়ী করানোর ক্ষেত্রেও তার সাংগঠনিক ভূমিকার বিষয়টি সবার নজর কেড়েছে। সংগঠনের অভ্যন্তরে বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজভিত্তিক সাংগঠনিক দায়িত্ব পালনের অভিজ্ঞতাও তার পক্ষে যাচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
ছাত্রদল সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক জীবনে একাধিকবার মামলা, গ্রেপ্তার ও নির্যাতনের মুখোমুখি হন কাজী জিয়া উদ্দিন বাসিতের। ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনেও রাজধানীর বিভিন্ন এলাকায় তার সক্রিয় ভূমিকা পালন করেন। পাশাপাশি বিভিন্ন গণমাধ্যমের আলোচনায় দলের রাজনৈতিক অবস্থান তুলে ধরার কারণে তার একটি পরিচিতি তৈরি হয়েছে। বিশেষ করে টেলিভিশনের টকশোতে দলের আদর্শ ও রাজনৈতিক বিষয়গুলো যুক্তি দিয়ে উপস্থাপনের মাধ্যমে তিনি সাধারণ মানুষের মধ্যেও ইতিবাচক ইমেজ তৈরি করতে সক্ষম হয়েছেন।
প্রসঙ্গত, জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ‘বিদায়ী’ সাক্ষাৎ করেছেন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকসহ শীর্ষ পাঁচ নেতা। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে ‘রাকিব-নাছির’ কমিটির বিদায় হয়েছে বলে জানা গেছে। ফলে যেকোনো সময় নতুন নেতৃত্ব পেতে যাচ্ছে ছাত্রদল।

