প্রকাশ্যে ডাকাতির প্রস্তুতিকালে চাপাতিসহ গ্রেপ্তার ৩
রাজধানীর আদাবরে প্রকাশ্যে দিনবেলায় ডাকাতির প্রস্তুতিকালে তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
শনিবার (১৮ জুলাই) রাতে তিনি জানান, গ্রেপ্তাররা হলেন- মো. শাকিল (২৫), মো. নয়ন মাতুব্বর (২৮) ও মো. ইয়াছিন (২৫)।
আদাবর থানা পুলিশের বরাতে এডিসি নিয়াজ মেহেদী জানান, শনিবার দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে আদাবরের মেহেদীবাগ হাউজিং খালপাড় এলাকায় কয়েকজন দুষ্কৃতিকারী সামুরাই, চাপাতি ও দেশীয় অস্ত্র নিয়ে ডাকাতির প্রস্তুতি নিচ্ছে এমন তথ্যের ভিত্তিতে আদাবর থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে দুপুর ২টার দিকে তিনজনকে গ্রেপ্তার করে। এ সময় তাদের কাছ থেকে ৩টি স্টিলের তৈরি চাপাতি উদ্ধার করা হয়।
পুলিশের ভাষ্যমতে, গ্রেপ্তারদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে এবং গ্রেপ্তাররা তাদের অন্যান্য সহযোগীদের নিয়ে গত শুক্রবার (১৭ জুলাই) রাত ১২টার দিকে আদাবরের ১৩ নম্বর রোডের মাথায় সংঘটিত একটি ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলেও জানিয়েছে পুলিশ।

