অল্পের জন্য রক্ষা পেলেন হুইপ দুলু, অস্ত্রধারী যুবক আটক
নাটোরে একটি পথসভা শেষে জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা চালানোর অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ। তার কাছ থেকে অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন শেষে স্থানীয় দিঘাপতিয়া ইউনিয়ন বিএনপি আয়োজিত পথসভায় বক্তব্য দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এবং জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
পুলিশ জানায়, পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় এক যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে পরপর দুইবার গুলি করার চেষ্টা করেন। এ সময় উপস্থিত লোকজন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাকে আটক করেন।
আটক যুবকের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ। পরে তাকে নাটোর জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) হেফাজতে নেওয়া হয়েছে। ঘটনার বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান বলেন, উত্তরা গণভবনের পাশে আয়োজিত পথসভা শেষে মঞ্চ থেকে নামার সময় ওই যুবক হুইপ দুলুকে লক্ষ্য করে দুইবার গুলি করার চেষ্টা করেন। পরে তাকে আটক করা হয়।

