ডেমরায় রাজনৈতিক আশ্রয় বদলে বহাল তবিয়তে শীর্ষ মাদক চক্র
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ডেমরা থানার অধীনস্থ ৬৬, ৬৭, ৬৮, ৬৯ ও ৭০ নম্বর ওয়ার্ডজুড়ে দিন দিন ভয়াবহ রূপ ধারণ করছে মাদকের বিস্তার। পরিবর্তন হয়েছে সরকার ও রাজনৈতিক পটভূমি, কিন্তু ডেমরার মাদক সাম্রাজ্যের দৃশ্যপট রয়েছে প্রায় একই রকম।
গত ৫ আগস্ট সরকার পতনের পূর্বে যারা তৎকালীন ক্ষমতাসীন দলের ছত্রছায়ায় মাদকের পাইকারি ও খুচরা ব্যবসা পরিচালনা করত, তাদের বড় একটি অংশই নাম ও দল বদলে বর্তমান রাজনৈতিক প্রভাবশালীদের একটি অংশের সঙ্গে আঁতাত করে বেপরোয়া হয়ে উঠেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ডেমরা থানার এই পাঁচটি ওয়ার্ডের অলিগলিতে এখন ইয়াবা, ফেনসিডিল, হেরোইন ও বিভিন্ন ধরনের ইনজেকশনসহ ক্ষতিকর মাদকের অবাধ কেনাবেচা চলছে। বিশেষ করে ৬৭ নম্বর ওয়ার্ডের অবস্থা সবচেয়ে ভয়াবহ। এই ওয়ার্ডের গলাকাটা পুল এলাকা, তালেব আলী মসজিদ সংলগ্ন গলি, মহাকাশ রোড এবং পূর্ব বক্সনগর এলাকা যেন মাদকের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। তালেব আলী এলাকাটিতে দিন-রাত প্রকাশ্যে মাদক কেনাবেচা চলায় সাধারণ মানুষের চলাফেরা করা কঠিন হয়ে পড়েছে।
এলাকাবাসীর অভিযোগ, ৫ আগস্টের পর কিছুদিন আত্মগোপনে থাকলেও দ্রুতই পরিস্থিতি স্বাভাবিক করে ফেলে পুরোনো মাদক কারবারিরা। তারা বর্তমান রাজনৈতিক দলের কতিপয় অসাধু ও সুযোগসন্ধানী নেতার আশ্রয়-প্রশ্রয়ে আবারও আগের জায়গায় ফিরে এসেছে। স্থানীয় প্রভাবশালী মহল ও অসাধু চক্রের যোগসাজশ থাকায় মাদক কারবারিদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পাচ্ছে না সাধারণ মানুষ। প্রতিবাদ করতে গেলে বাসিন্দাদের হুমকি-ধমকি ও হয়রানির শিকার হতে হচ্ছে।
মাদকের এই ভয়াবহ বিস্তারে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এলাকার যুবসমাজ ও শিক্ষার্থী শ্রেণি। প্রকাশ্যে মাদক সেবন ও বিক্রির ফলে বাড়ছে চুরি, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের অপরাধমূলক কর্মকাণ্ড। অভিভাবকেরা সন্তানদের নিরাপত্তা ও ভবিষ্যৎ নিয়ে চরম উদ্বেগের মধ্যে দিন কাটাচ্ছেন।
ডেমরার সচেতন নাগরিকদের দাবি, দ্রুত এই মাদক চক্রের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি গ্রহণ করতে হবে। দল-মত নির্বিশেষে মাদক কারবারি এবং তাদের পেছন থেকে মদদদাতা কতিপয় অসাধু রাজনৈতিক নেতাদের চিহ্নিত করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে অবিলম্বে যৌথ অভিযান পরিচালনার জোর দাবি জানিয়েছেন তারা।

