মন্ত্রিসভায় যুক্ত হতে যাচ্ছেন বিএনপি ও জোটের নবীন-প্রবীণ নেতারা

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের প্রথম ছয় মাসের কর্মমূল্যায়নকে কেন্দ্র করে মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণের প্রস্তুতি চলছে। পারফরম্যান্স মূল্যায়নের পাশাপাশি সরকারের কার্যক্রমে গতি আনতে বিএনপির অভিজ্ঞ ও পরীক্ষিত নেতাদের সঙ্গে নবীন নেতৃত্ব এবং যুগপৎ আন্দোলনের শরিক দলগুলোর প্রতিনিধিদেরও মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়ে আলোচনা অনেক দূর এগিয়েছে বলে জানিয়েছে সরকারের একাধিক দায়িত্বশীল সূত্র। এছাড়া টেকনোক্র্যাট কোটায় বিগত দিনে অবদান রাখায় আলোচিত কয়েকজন পরীক্ষিত নেতার পাশাপাশি প্রবাসী নেতারা যুক্ত হচ্ছেন বলে জানা গেছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়, ক্ষমতাসীন দল এবং প্রশাসনের একাধিক সূত্রের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন মন্ত্রিসভায় একদিকে যেমন কয়েকজন বর্তমান মন্ত্রী ও প্রতিমন্ত্রীর দায়িত্বে পরিবর্তন আসতে পারে, অন্যদিকে বিএনপির সিনিয়র নেতৃত্ব, নির্বাচিত সংসদ সদস্য, টেকনোক্র্যাট এবং জোটের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠনের পরিকল্পনা রয়েছে।

ছয় মাসের মূল্যায়নের পরই পরিবর্তনের প্রস্তুতি

সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভার বৈঠকেই প্রতিটি মন্ত্রণালয়কে ১৮০ দিনের কর্মপরিকল্পনা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই সঙ্গে ছয় মাস পর কর্মসম্পাদনের মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছিলেন।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, সেই মূল্যায়ন কার্যক্রম এখন শেষ পর্যায়ে। মূল্যায়নের প্রতিবেদনের ভিত্তিতেই মন্ত্রিসভার রদবদল ও সম্প্রসারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হতে পারে।

বাদ পড়তে পারেন কয়েকজন, আসছেন নতুন মুখ

একাধিক সূত্রের দাবি, অন্তত তিনজন পূর্ণমন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রীকে দায়িত্ব থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি বিবেচনায় রয়েছে। একই সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বিন্যাসেরও পরিকল্পনা রয়েছে।

সূত্রগুলো বলছে, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও প্রাণিসম্পদ, বাণিজ্য, শিল্প, পাট ও বস্ত্র, জনপ্রশাসন এবং খাদ্য মন্ত্রণালয়সহ কয়েকটি গুরুত্বপূর্ণ দপ্তরে পরিবর্তন আসতে পারে।

আলোচনায় বিএনপির অভিজ্ঞ নেতারা

নতুন মন্ত্রিসভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ড. আব্দুল মঈন খান, গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমানের নাম জোরালোভাবে আলোচনায় রয়েছে বলে জানিয়েছে একাধিক সূত্র।

এ ছাড়া, নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, নাটোর-২ আসনের সংসদ সদস্য এম রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, খুলনা-৩ আসনের সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বকুল, ডাকসুর সাবেক ভিপি ও ঢাকা-২ (কেরানীগঞ্জ ও সাভার আংশিক) মো. আমানুল্লাহ আমান, গাজীপুর-৫ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য এ.কে.এম.ফজলুল হক মিলনের নামও সম্ভাব্য তালিকায় রয়েছে।

টেকনোক্র্যাট কোটায়ও আসতে পারে চমক

টেকনোক্র্যাট কোটায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, চেয়ারম্যানের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু ও ড. আসাদুজ্জামান রিপন, যুগ্ম মহাসচিব হাবিব-উন নবী খান সোহেল, প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন, যুক্তরাজ্য বিএনপির সাবেক সভাপতি মাহিদুর রহমান,  প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার এবং অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেলের নামও আলোচনায় রয়েছে বলে সূত্র জানিয়েছে।

নবীন নেতৃত্বও পাচ্ছে গুরুত্ব

প্রতিমন্ত্রী হিসেবে আলোচনায় রয়েছেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ, কুমিল্লা-২ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এ বি এম মোশাররফ হোসেন, খুলনা-৪ আসনের সংসদ সদস্য আজিজুল বারী হেলাল, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল, সিরাজগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খান আলিম এবং ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক।

জোটের প্রতিনিধিদেরও সুযোগ

সরকারের শরিক ও সমমনা দলগুলোর মধ্য থেকেও কয়েকজনকে মন্ত্রিসভায় নেওয়ার আলোচনা চলছে। এ তালিকায় নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ এবং বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হকের নাম রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রের দাবি।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, মন্ত্রণালয়গুলোর কর্মমূল্যায়ন একটি নিয়মিত প্রশাসনিক প্রক্রিয়া। মূল্যায়নের ভিত্তিতে প্রয়োজনীয় পরিবর্তন আসতে পারে, তবে শেষ পর্যন্ত কারা মন্ত্রিসভায় জায়গা পাবেন আর কারা বাদ পড়বেন, সে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *