খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝ’গ’ড়া’র পর যুবকের আ’ত্ম’হ’ত্যা
বিশ্বকাপ ফুটবল খেলা দেখা নিয়ে স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার (২০ জুলাই) ভোরে নোয়াখালীর সেনবাগ উপজেলার কেশারপাড় ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কেশারপাড় গ্রামের মাইজ্জা মিয়ার বাড়িতে এ ঘটনা ঘটে।
নিহত মো. আলাউদ্দিন ওরফে রায়হান (২৭) ওই এলাকার কুয়েতপ্রবাসী আব্দুল বারেকের ছেলে। তিনি সৌদি আরবে কর্মরত ছিলেন এবং প্রায় এক বছর আগে দেশে ফেরেন। পাঁচ-ছয় মাস আগে তার বিয়ে হয়।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রোববার দিবাগত রাতে কানকিরহাট বাজারে বন্ধুদের সঙ্গে আর্জেন্টিনা-স্পেনের বিশ্বকাপ ফুটবল খেলা দেখেন রায়হান। ভোরে বাড়ি ফিরে দেরিতে ফেরাকে কেন্দ্র করে স্ত্রীর সঙ্গে তার কথা-কাটাকাটি হয়।
একপর্যায়ে স্ত্রী বাবার বাড়িতে চলে যাওয়ার কথা বলে ঘর থেকে বের হলে রায়হান আত্মহত্যার হুমকি দেন। পরে স্ত্রী ফিরে এসে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় ঝুলতে দেখেন। পরে স্বজনরা পুলিশে খবর দেন।
পরিবারের সদস্যরা জানান, সোমবারই রায়হানের পুনরায় সৌদি আরব যাওয়ার ভিসা এসে পৌঁছায়।
বিষয়টি নিশ্চিত করে সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রহিম সরকার বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য মরদেহ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

