ষড়যন্ত্র করে জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না: শিমুল বিশ্বাস

ষড়যন্ত্র করে বিএনপি ও জাতীয়তাবাদী শক্তিকে দমিয়ে রাখা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয়তাবাদী শ্রমিক দলের প্রধান সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস।

তিনি বলেন, জাতীয়তাবাদী শক্তির বিরুদ্ধে যত ষড়যন্ত্রই করা হোক, তা মোকাবিলা করে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনের লড়াই অব্যাহত থাকবে।

সোমবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য, গুপ্ত ষড়যন্ত্র ও অপপ্রচারের প্রতিবাদে এ সমাবেশের আয়োজন করা হয়।

শিমুল বিশ্বাস বলেন, ‘বিএনপি এবং জাতীয়তাবাদী শক্তিকে ভয় দেখিয়ে কোনো লাভ নেই। আধিপত্যবাদ, সাম্রাজ্যবাদ, দেশীয় শোষক ও বহিঃশক্তির সব ষড়যন্ত্র মোকাবিলা করে বাংলাদেশকে নিরাপদ, উন্নত ও বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে।’

তিনি বলেন, শ্রমিক শ্রেণিই দেশের অন্যতম প্রধান শক্তি। শ্রমিকদের ঐক্যবদ্ধ করে গণতন্ত্র ও জাতীয় স্বার্থ রক্ষার আন্দোলনকে আরও শক্তিশালী করতে হবে। দেশের প্রতিটি কারখানা, অফিস-আদালত, দপ্তর-অধিদপ্তরসহ সব পর্যায়ে শ্রমিকদের সংগঠিত করার উদ্যোগ নেওয়া হবে।

জাতীয়তাবাদী শ্রমিক দলের এই প্রধান সমন্বয়কারী বলেন, সম্মিলিত শ্রমিক পরিষদ ও শ্রমিক-কর্মচারী পরিষদসহ গণতন্ত্র, শোষণ-বঞ্চনার অবসান এবং আধিপত্যবাদ ও সাম্রাজ্যবাদবিরোধী সব শ্রমিক সংগঠনকে ঐক্যবদ্ধ করার উদ্যোগ নেওয়া হবে।

তিনি আরও বলেন, শ্রমিক শ্রেণির অংশগ্রহণ ছাড়া কোনো আন্দোলন সফল হবে না। ভবিষ্যতের আন্দোলনে শ্রমিকদের শুধু অংশগ্রহণ নয়, নেতৃত্বও থাকতে হবে। এ জন্য শ্রমিক শ্রেণিকে ঐক্যবদ্ধ ও সংগঠনকে আরও গতিশীল করার ওপর গুরুত্ব দেন তিনি।

শিমুল বিশ্বাস বলেন, ‘শোষণ, বঞ্চনা ও বৈষম্যহীন উন্নত বাংলাদেশ গড়ার লড়াই চলবে। আমরা তখনই থামব, যখন দেশের শোষিত, বঞ্চিত ও গরিব মানুষের ভাগ্যের পরিবর্তন হবে।’

বক্তব্যে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রাজনৈতিক ভূমিকার কথা তুলে ধরে তিনি বলেন, জাতীয়তাবাদী রাজনীতির পতাকা ধরে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আধুনিক বাংলাদেশ গঠনের লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন।

সমাবেশে জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, দেশের স্বার্থে এবং শ্রমজীবী মানুষের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। অতীতের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিয়ে সব ধরনের ষড়যন্ত্র মোকাবিলা করে দেশকে সামনে এগিয়ে নিতে হবে।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নজরুল ইসলাম খান। এছাড়া জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারাসহ ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ শ্রমিক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বক্তব্যের একপর্যায়ে শিমুল বিশ্বাস জাতীয়তাবাদী শ্রমিক দলের নেতা নজরুল ইসলাম খানের অসুস্থতার কথা উল্লেখ করে তার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *