জাতীয়লিড

সেই সাহেদ আবারও গ্রেপ্তার

রিজেন্ট হাসপাতালের মালিক মোহাম্মদ সাহেদকে আবারও গ্রেপ্তার করেছে ক্যান্টনমেন্ট থানা পুলিশ।

পল্লবী থানায় দায়ের করা একটি ওয়ারেন্টভুক্ত মামলায় সোমবার (২০ জুলাই) রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, পল্লবী থানার একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

প্রসঙ্গত, ২০২০ সালে করোনা মহামারির সময় রিজেন্ট হাসপাতালের মাধ্যমে ভুয়া করোনা পরীক্ষার সনদ দেওয়ার অভিযোগে আলোচনায় আসেন রিজেন্ট গ্রুপের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদ (সাহেদ করিম)। একই বছরের ৭ জুলাই র‌্যাব উত্তরায় রিজেন্ট হাসপাতালে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ভুয়া করোনা পরীক্ষার রিপোর্ট জব্দ করে। এ ঘটনায় সাহেদসহ ১৭ জনের বিরুদ্ধে উত্তরা পশ্চিম থানায় মামলা হয়। পরে ১৫ জুলাই সাতক্ষীরা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের পর অস্ত্র উদ্ধারের দাবিতে তার বিরুদ্ধে অস্ত্র আইনে পৃথক মামলা দায়ের করা হয়। ২০২০ সালের ২৮ সেপ্টেম্বর ওই মামলায় নিম্ন আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন। পরবর্তীতে হাইকোর্ট তাকে খালাস দিলেও সেই রায় আপিল বিভাগের চেম্বার আদালত স্থগিত করেন। এরপর ২০২৪ সালের ৪ সেপ্টেম্বর অস্ত্র মামলায় আপিল বিভাগ থেকে জামিন পাওয়ার পর তিনি কারাগার থেকে মুক্তি পান।

বর্তমানে সাহেদের বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি, অস্ত্র ও মানি লন্ডারিংসহ মোট ৩৫টি মামলা বিচারাধীন রয়েছে। সিআইডির তদন্ত অনুযায়ী, বিভিন্ন ধরনের প্রতারণার মাধ্যমে তিনি ১১ কোটির বেশি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ। এর মধ্যে করোনা পরীক্ষা না করেই ভুয়া সনদ দিয়ে ৩ কোটি ১১ লাখ ৯০ হাজার ২২৭ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগও রয়েছে। তবে সব মামলায় জামিনে থাকা অবস্থায় নতুন করে ওয়ারেন্টভুক্ত মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *