যানজট কমাতে প্রধানমন্ত্রীর বড় সিদ্ধান্ত, অটোরিকশা চলাচলে নতুন নীতিমালা
রাজধানীর যানজট নিরসন এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে অটোরিকশা চলাচলের জন্য পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই সঙ্গে টোল ব্যবস্থার আধুনিকায়ন, বাস টার্মিনাল পুনর্বিন্যাস, কিচেন মার্কেট স্থানান্তর এবং পার্কিং ব্যবস্থার উন্নয়নসহ ঢাকার পরিবহন ব্যবস্থাপনায় একাধিক গুরুত্বপূর্ণ পদক্ষেপ নেওয়া হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এসব সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
বৈঠকে রাজধানীর বিভিন্ন সড়ক, ফ্লাইওভার ও গুরুত্বপূর্ণ পয়েন্টে যানবাহনের চাপ, গণপরিবহনের বিশৃঙ্খলা, বাস টার্মিনালের সক্ষমতা, পার্কিং সংকট এবং ট্রাফিক ব্যবস্থার আধুনিকায়ন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
অটোরিকশায় আসছে পৃথক নীতিমালা
রাজধানীর সড়কে অটোরিকশা চলাচলকে আরও সুশৃঙ্খল ও নিয়ন্ত্রিত করতে পৃথক নীতিমালা প্রণয়নের সিদ্ধান্তকে বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে দেখা হচ্ছে।
নীতিমালার আওতায় অটোরিকশার চলাচল, ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণে একটি সুসংগঠিত কাঠামো তৈরির উদ্যোগ নেওয়া হবে। এর মাধ্যমে রাজধানীর সড়কে অটোরিকশা ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরানোর পাশাপাশি যানজট নিয়ন্ত্রণে আনার লক্ষ্য রয়েছে।
টোল প্লাজায় চালু হবে ইটিসি
যানজট কমানো এবং টোল আদায় ব্যবস্থাকে দ্রুত ও প্রযুক্তিনির্ভর করতে এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভারের টোল প্লাজাগুলোতে ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা চালুর সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি অ্যাপও তৈরি করা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আগামী চার মাসের মধ্যে এসব কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী।
যাত্রাবাড়ী-গুলিস্তান যানজটে ১৫ দিনের ডেডলাইন
যাত্রাবাড়ী-গুলিস্তান ফ্লাইওভারের আশপাশের দীর্ঘদিনের যানজট নিরসনেও দেওয়া হয়েছে নির্দিষ্ট সময়সীমা। বৈঠকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) আগে তৈরি করা প্রতিবেদন পর্যালোচনা করে নতুন করে প্রয়োজনীয় সুপারিশ দিতে বলা হয়েছে। বিদ্যমান প্রতিবেদন পর্যালোচনা করে আগামী ১৫ দিনের মধ্যে সুপারিশসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে বুয়েটকে। আর সিটি করপোরেশন ও ট্রাফিক পুলিশের সমন্বয়ে এসব সুপারিশ বাস্তবায়নের সিদ্ধান্ত হয়েছে।
কেরানীগঞ্জে যাবে ফুলবাড়িয়া টার্মিনাল
রাজধানীর কেন্দ্রীয় অংশে বাস ও আন্তঃজেলা যানবাহনের চাপ কমাতে ফুলবাড়িয়া বাস টার্মিনাল কেরানীগঞ্জে স্থানান্তরের সিদ্ধান্ত হয়েছে।
স্থায়ী টার্মিনাল নির্মাণ সময়সাপেক্ষ হওয়ায় এরই মধ্যে অন্তর্বর্তী ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আগামী চার মাসের মধ্যে ঝিলমিল প্রকল্পের ১৫ একর জমিতে একটি অস্থায়ী বাস টার্মিনাল নির্মাণ করা হবে। প্রয়োজনীয় জমি অধিগ্রহণসহ প্রকল্প বাস্তবায়নে স্থানীয় সরকার মন্ত্রণালয়কে দায়িত্ব দেওয়া হয়েছে।
গাবতলী টার্মিনালেও সম্প্রসারণ
গণপরিবহনের সক্ষমতা বাড়াতে গাবতলী বাস টার্মিনালের পেছনের অংশ সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ কাজ দ্রুত বাস্তবায়নে সড়ক বিভাগ, ট্রাফিক পুলিশসহ সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।
কিচেন মার্কেট যাবে গাবতলী
রাজধানীর অন্যতম ব্যস্ত এলাকা কারওয়ান বাজারের যানজট কমাতেও নেওয়া হয়েছে বড় সিদ্ধান্ত। কিচেন মার্কেটটি সরিয়ে গাবতলীতে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হবে। বৈঠকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। বাজারটি স্থানান্তর হলে কারওয়ান বাজার ও আশপাশের এলাকায় যানবাহনের চাপ কমবে বলে আশা করা হচ্ছে।
সচিবালয়ের পাশে পার্কিংয়ের নতুন উদ্যোগ
সচিবালয়কেন্দ্রিক যানজট কমাতে পার্কিং ব্যবস্থার উন্নয়নের বিষয়েও বৈঠকে আলোচনা হয়েছে। এ লক্ষ্যে ওসমানী স্মৃতি মিলনায়তনে পার্কিংয়ের ব্যবস্থা করা যায় কি না, তা খতিয়ে দেখতে বলা হয়েছে। পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিকল্প পার্কিংয়ের জায়গাও খুঁজে দেখতে নির্দেশ দেওয়া হয়েছে।
অনুমোদনহীন স্লিপার বাসে ব্যবস্থা
রাজধানীতে অনুমোদনহীন ডাবল ডেকার স্লিপার বাস চলাচলের বিরুদ্ধেও প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। বৈঠকে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে আইন ও অনুমোদনের বিষয়গুলো যথাযথভাবে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়।
সমন্বয়ে জোর প্রধানমন্ত্রীর
বৈঠকে রাজধানীর যানজট নিরসনে বিভিন্ন সরকারি সংস্থার মধ্যে সমন্বয় আরও জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়। নির্ধারিত সময়ের মধ্যে সিদ্ধান্তগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিকভাবে কাজ করার নির্দেশ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব শাহাদাৎ হোসেন স্বাধীন জানান, বৈঠকে ট্রাফিক ব্যবস্থা আধুনিকায়ন এবং রাজধানীর পরিবহন খাতে শৃঙ্খলা ফেরাতে বিভিন্ন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে যানজট নিরসনে সংশ্লিষ্ট সংস্থাগুলোর মধ্যে সমন্বয় বাড়ানোর নির্দেশ দেওয়া হয়েছে।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আব্দুস সালাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

