মন্ত্রিসভায় বড় রদবদল, কে পেলেন কোন মন্ত্রণালয়?
বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় বড় ধরনের রদবদল ও সম্প্রসারণ করা হয়েছে। নতুন করে চারজন মন্ত্রী ও দুজন প্রতিমন্ত্রী নিয়োগ দেওয়া হয়েছে। একই সঙ্গে একজন প্রতিমন্ত্রী পদোন্নতি পেয়ে মন্ত্রী হয়েছেন এবং একজন মন্ত্রীর দপ্তর পরিবর্তন করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় বঙ্গভবনের দরবার হলে নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর চার মন্ত্রী ও দুই প্রতিমন্ত্রীকে শপথ পড়ান। এর আগে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন তিনি। নতুন মন্ত্রী ও প্রতিমন্ত্রীদের শপথের পর তাদের দপ্তরও বণ্টন করা হয়।
নতুন চারজন মন্ত্রী হলেন—আবদুল মঈন খান, এম রশিদুজ্জামান মিল্লাত, সাচিং প্রু জেরী এবং বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ। নতুন দুই প্রতিমন্ত্রী হলেন হুমায়ুন কবির (টেকনোক্রেট) ও মোহাম্মদ শামীম কায়সার (লিংকন)।
কে পেলেন কোন মন্ত্রণালয়
রাষ্ট্রপতি হওয়ার কারণে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের দায়িত্ব পেয়েছেন আবদুল মঈন খান। নতুন মন্ত্রী হিসেবে তিনি এ মন্ত্রণালয়ের দায়িত্ব নিলেন।
এম রশিদুজ্জামান মিল্লাত এর আগে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার পদোন্নতি পেয়ে একই মন্ত্রণালয়ের মন্ত্রী হয়েছেন তিনি।
মিল্লাতের পদোন্নতির ফলে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের আগের মন্ত্রী আফরোজা খানম (রিতা)-এর দপ্তর পরিবর্তন করা হয়েছে। তাকে খাদ্য মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে।
বান্দরবানের সংসদ সদস্য সাচিং প্রু জেরীকে পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী করা হয়েছে। বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার পর এ মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলেন দীপেন দেওয়ান। তিন মাসের মাথায় তার পদত্যাগের পর মন্ত্রণালয়টিতে নতুন করে পূর্ণ মন্ত্রী নিয়োগ দেওয়া হলো। বর্তমানে এ মন্ত্রণালয়ে প্রতিমন্ত্রীর দায়িত্বে রয়েছেন মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিভ রহমান পার্থ পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব। এত দিন এ মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন জহির উদ্দিন স্বপন। তাকে প্রধানমন্ত্রীর উপদেষ্টা করা হয়েছে।
দুই নতুন প্রতিমন্ত্রী
নতুন প্রতিমন্ত্রী হিসেবে শপথ নেওয়া হুমায়ুন কবির (টেকনোক্রেট)কে পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব দেওয়া হয়েছে। এ মন্ত্রণালয়ে আগে থেকেই প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করছেন শামা ওবায়েদ ইসলাম। ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এখন দুজন প্রতিমন্ত্রী দায়িত্ব পালন করবেন। মন্ত্রণালয়টির মন্ত্রী হিসেবে রয়েছেন খলিলুর রহমান।
অন্যদিকে মোহাম্মদ শামীম কায়সার (লিংকন) ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন। এ মন্ত্রণালয়ের মন্ত্রী হিসেবে দায়িত্বে রয়েছেন কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
জহির স্বপন প্রধানমন্ত্রীর উপদেষ্টা
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের দায়িত্ব হারানো জহির উদ্দিন স্বপনকে প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা করা হয়েছে। ফলে মন্ত্রিসভার কাঠামোয় শুধু নতুন মুখ যুক্ত হওয়াই নয়, সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বেও পরিবর্তন এসেছে।
মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) শামীম সোহেল বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টনসংক্রান্ত গেজেট শুক্রবার রাতের মধ্যেই প্রকাশের প্রস্তুতি চলছে।
নতুন নিয়োগ ও দপ্তর পুনর্বণ্টনের মধ্য দিয়ে সরকারের ছয় মাসের মাথায় মন্ত্রিসভায় একটি উল্লেখযোগ্য পরিবর্তন এলো। বিশেষ করে স্থানীয় সরকার, তথ্য ও সম্প্রচার, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, খাদ্য এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ে দায়িত্বের পরিবর্তন সরকারের প্রশাসনিক কাঠামোয় নতুন সমীকরণ তৈরি করেছে।

