সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়: পরীমণি
ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী পরীমণি বলেছেন, মানুষ তাকে সিঙ্গেল হিসেবেই দেখতে চায়। এমনকি নিজের ভাইয়ের সঙ্গে ছবি প্রকাশ করলেও সমালোচনার মুখে পড়তে হয় বলে মন্তব্য করেছেন তিনি। সম্প্রতি একটি পুরস্কার বিতরণী অনুষ্ঠানের সংবাদ সম্মেলনে বিয়ে, আর্জেন্টিনা এবং ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন এই অভিনেত্রী।
বিয়ে প্রসঙ্গে সাংবাদিকদের সঙ্গে হাস্যরস
গত বুধবার রাতে আয়োজিত সংবাদ সম্মেলনে পরীমণিকে ঘিরে আবারও আলোচনায় আসে বিয়ের প্রসঙ্গ। এ সময় তিনি মজা করে সাংবাদিকদের উদ্দেশে প্রশ্ন ছুড়ে দেন, ‘আপনারা আমাকে বিয়ে দিতে চান, না চান না?’ তাঁর এ মন্তব্যে উপস্থিতদের মধ্যে হাসির রোল পড়ে যায়।
পরে তিনি বলেন, ‘আমি জানি সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়। আমি যদি আমার ভাইয়ের সঙ্গেও ছবি দিই, গালি খাই। সবাই আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাটার সঙ্গে দেখতে চায়। এতে কী আনন্দ আমি জানি না।’
আর্জেন্টিনার হার নিয়ে পরীমনির প্রতিক্রিয়া
সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার বিশ্বকাপ ফাইনালে হার নিয়েও কথা বলেন পরীমণি। এক সাংবাদিক জানতে চান, প্রিয় দলের পরাজয়ের পর তিনি কী করেছেন।
জবাবে হাস্যরসের সুরে অভিনেত্রী বলেন, ‘ভাই, এই রিস্ক থেকেই তো বলেছিলাম আবার বিয়ে করব (জিতলে)।’
বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনার সমর্থনে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত পোস্ট করেছেন পরীমণি। দলের জয় উদ্যাপন থেকে শুরু করে লিওনেল মেসির প্রতি নিজের ভালো লাগার কথাও বিভিন্ন পোস্টে তুলে ধরেন তিনি।
ভাইরাল হয়েছিল বিয়ের ঘোষণা
আর্জেন্টিনার সেমিফাইনালের আগে দেওয়া পরীমণির একটি ফেসবুক পোস্ট সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দেয়। সেই পোস্টে তিনি লিখেছিলেন, ‘আর্জেন্টিনা কাপ জিতলে আমি আবার একটা বিয়া করব। ফাইনাল।’
মজার ছলে দেওয়া ওই পোস্ট মুহূর্তেই ভাইরাল হয়। পরে বিভিন্ন মাধ্যমে অসংখ্য বিয়ের প্রস্তাবও পান বলে জানান তিনি।
ফাইনালের আগে দেওয়া এক সাক্ষাৎকারে পরীমণি বলেন, ‘আমি তো এর আগে ঘোষণা দিয়ে বিয়ে করিনি। প্রেম করেছি, এরপর হুট করে বিয়ে করে ফেলছি। এবার বিয়ের ঘোষণা দিয়ে তো মুসিবতে পড়ে গেলাম। ভাবিনি, এভাবে সবাই বিষয়টিকে সিরিয়াসলি নিয়ে নেবে। এত এত সিরিয়াস সব বিয়ের প্রস্তাব আসতেছে, কিছুই বুঝতেছি না, কী করব।’
মামলার প্রসঙ্গেও মুখ খুললেন
একই সংবাদ সম্মেলনে অতীতে আলোচিত মামলায় কারাগারে যাওয়ার প্রসঙ্গেও প্রশ্ন করা হয় পরীমণিকে। জবাবে তিনি বলেন, ‘এটা নিয়ে কি আমি কখনো কথা বলেছি? কেউ প্রশ্ন করলে কি উত্তর পেয়েছে? আমার খালি একটাই বিষয় মনে হতো, সত্য একদিন প্রকাশ্যে আসবেই। যত চাপা দিয়ে রাখেন, প্রকাশ পাবেই।’

