ইরানের হামলায় জর্ডানে ২ মার্কিন সেনা নিহত
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় জর্ডানে দুই মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন। এ সময় আরও বেশ কয়েকজন আহত ও একজন সেনাসদস্য নিখোঁজ হয়েছেন বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম)।
শনিবার (১৮ জুলাই) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সেন্টকমের প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, ১৭ জুলাই জর্ডানে ইরানের ছোড়া ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় এই হতাহতের ঘটনা ঘটে।
এ ঘটনায় আহত চার সেনাসদস্যকে জর্ডানের একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। এছাড়া সামান্য আহত আরও কয়েকজন সেনাকে প্রাথমিক চিকিৎসা শেষে পুনরায় দায়িত্বে ফিরিয়ে দেওয়া হয়েছে।
তবে নিহত সেনাদের পরিচয় এখনো প্রকাশ করা হয়নি। সেন্টকম জানিয়েছে, নিহতদের পরিবারের সদস্যদের আনুষ্ঠানিকভাবে অবহিত করার পর নির্ধারিত নিয়ম অনুযায়ী তাদের নাম-পরিচয় প্রকাশ করা হবে।
এর আগে, গত বৃহস্পতিবার ইরানের সেনাবাহিনী দাবি করে, তারা জর্ডানের আজরাক বিমানঘাঁটিতে অবস্থিত মার্কিন সামরিক যোগাযোগব্যবস্থা এবং জ্বালানি সংরক্ষণাগার লক্ষ্য করে হামলা চালিয়েছে।
উল্লেখ্য, গত মার্চ থেকে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই প্রথম মার্কিন সেনা নিহত হওয়ার ঘটনা ঘটল। ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি ও দুই দেশের মধ্যে উত্তেজনা আরও বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

