গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর পথে বাংলাদেশি চিকিৎসক
মাত্র ২৬ বছর বয়সে জটিল অস্ত্রোপচার ‘লঙ্গো প্রসিডিউর’ (Longo Procedure) সফলভাবে সম্পন্ন করে আলোচনায় এসেছেন বাংলাদেশি তরুণ চিকিৎসক ডা. এম এ তাইফুল হক। তার এই অর্জনের মাধ্যমে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে নাম লেখানোর সম্ভাবনা তৈরি হয়েছে। ইতিমধ্যে এ বিষয়ে গিনেস কর্তৃপক্ষের কাছে আবেদন করেছেন তিনি। কর্তৃপক্ষ জানিয়েছে, তার আবেদনটি বর্তমানে পর্যালোচনাধীন রয়েছে।
গত ১২ অক্টোবর ঢাকার মিরপুরের একটি বেসরকারি হাসপাতালে তিনি এই অস্ত্রোপচার সম্পন্ন করেন। অস্ত্রোপচারের সময় তার বয়স ছিল ২৬ বছর ১০ মাস ১৫ দিন। এতে তিনি প্রধান শল্যচিকিৎসক (প্রাইমারি সার্জন) হিসেবে দায়িত্ব পালন করেন।
চিকিৎসাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাইলস বা অর্শ রোগের চিকিৎসায় ব্যবহৃত আধুনিক অস্ত্রোপচার পদ্ধতিগুলোর একটি হলো লঙ্গো প্রসিডিউর। এ পদ্ধতিতে বিশেষ যন্ত্রের সাহায্যে অস্ত্রোপচার করা হয়। জটিল এই প্রক্রিয়ায় অল্প বয়সে প্রধান শল্যচিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করে সফলতা অর্জন করেছেন ডা. তাইফুল হক।
হাসপাতাল সূত্র জানিয়েছে, অস্ত্রোপচারের পর রোগী বর্তমানে ভালো আছেন। তিনি স্বাভাবিকভাবে চলাফেরাও করতে পারছেন।
ডা. এম এ তাইফুল হকের জন্ম ১৯৯৯ সালের ২৭ নভেম্বর। চিকিৎসা পেশায় অল্প বয়সেই এমন একটি জটিল অস্ত্রোপচার সম্পন্ন করায় চিকিৎসা মহলে প্রশংসা পাচ্ছেন তিনি। তাঁর এই অর্জন দেশের তরুণ চিকিৎসকদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে স্বীকৃতি পেলে এটি বাংলাদেশের চিকিৎসা অঙ্গনের জন্যও একটি উল্লেখযোগ্য অর্জন হিসেবে বিবেচিত হবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নির্ভর করছে গিনেস কর্তৃপক্ষের যাচাই-বাছাই ও স্বীকৃতির ওপর।

