ইতিহাস গড়ে শিরোপা জিতল বাংলাদেশি নারী হকি দল
বাংলাদেশের অনূর্ধ্ব-২০ নারী হকি দল ইতিহাস গড়ে প্রথমবারের মতো আন্তর্জাতিক শিরোপা জিতেছে। ওমানের মাস্কাটে অনুষ্ঠিত উইমেনস জুনিয়র এএইচএফ কাপের ফাইনালে শনিবার কাজাখস্তানকে ২-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ।
পুরো টুর্নামেন্টে অপরাজিত ছিল বাংলাদেশ। গ্রুপ পর্বেও একই প্রতিপক্ষ কাজাখস্তানকে ২-১ গোলে হারিয়েছিল দলটি। পাঁচ দলের এই আসরে ধারাবাহিক দুর্দান্ত পারফরম্যান্সের পর ফাইনালেও প্রতিপক্ষকে কোনো সুযোগ দেয়নি বাংলাদেশ।
ফাইনালের ১৫তম মিনিটে ফিল্ড গোল করে দলকে এগিয়ে দেন আইরিন রিয়া। চার মিনিট পর পেনাল্টি কর্নার থেকে গোল করে ব্যবধান ২-০ করেন নাদিরা ইমা। এরপর বাকি সময়ে আর কোনো গোল না হলেও দৃঢ় রক্ষণে জয় নিশ্চিত করে বাংলাদেশ।
ব্যক্তিগত অর্জনেও উজ্জ্বল ছিলেন বাংলাদেশের খেলোয়াড়রা। আইরিন রিয়া টুর্নামেন্টের ‘রাইজিং স্টার’ নির্বাচিত হন এবং অধিনায়ক শারিকা রিমন ফাইনালের সেরা খেলোয়াড় (Player of the Final) হন।
এর আগে ২০২৪ সালে বাংলাদেশের অনূর্ধ্ব-২১ নারী দল এই টুর্নামেন্টে রানার্সআপ হয়েছিল। এবার সেই আক্ষেপ ঘুচিয়ে দেশের নারী হকির ইতিহাসে প্রথম আন্তর্জাতিক শিরোপা জয়ের গৌরব অর্জন করল অনূর্ধ্ব-২০ দল।

